বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয়। বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হওয়ার ফলে শহর এবং গ্রামের বর্জ্য উৎপাদন ক্রমাগতভাবে বেড়ে চলেছে। আবার বর্তমান সময়ের ২৪ এর কোঠা আন্দোলন হওয়ার ফলে দেশের আনাচে কানাচে ময়লার স্তূপ যেন বেড়েই চলেছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াটি উন্নত না হলে বিষয়টি জনস্বাস্থ্য, পরিবেশ এবং সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ব্লগে, আমি বাংলাদেশের শহর ও গ্রামের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা করব।

শহরের বর্জ্য ব্যবস্থাপনা: বর্তমান পরিস্থিতি
বাংলাদেশের শহরাঞ্চল, বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, এবং অন্যান্য প্রধান শহরগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা একটি জটিল এবং চ্যালেঞ্জিং বিষয়। এসব শহরে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যা সঠিকভাবে নিষ্পত্তি করা অত্যন্ত কঠিন।

১. বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তির চ্যালেঞ্জ
শহরাঞ্চলে প্রতিদিনের বর্জ্য সংগ্রহ এবং নিষ্পত্তি করার জন্য সিটি কর্পোরেশন গুলো কাজ করে। তবে, অনেক সময় পর্যাপ্ত জনবল, প্রযুক্তি এবং অবকাঠামোর অভাবে বর্জ্য সঠিকভাবে সংগ্রহ করা সম্ভব হয় না। এতে রাস্তার ধারে, খোলা জায়গায় এবং নর্দমায় বর্জ্য জমে থাকে, যা জনস্বাস্থ্যের জন্য বিপদজনক।

২. পরিবেশগত প্রভাব
শহরে অপরিকল্পিতভাবে বর্জ্য নিষ্পত্তির ফলে পরিবেশ দূষিত হচ্ছে। প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্য, এবং অন্যান্য অজৈব পদার্থগুলো মাটির উর্বরতা নষ্ট করছে এবং নদীর পানি দূষিত হচ্ছে। এছাড়া, বর্জ্য পোড়ানোর কারণে বায়ু দূষণ হচ্ছে, যা শহরের বায়ুমন্ডলের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

৩. পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সীমিত ব্যবহার
শহরে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহের ব্যবস্থা খুবই সীমিত। যদিও কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওগুলো পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ ও পুনঃ প্রক্রিয়াকরণ কাজ করছে, তবুও তাদের পরিসর খুবই সীমিত। এর ফলে, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের অপচয় হচ্ছে এবং পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

গ্রামের বর্জ্য ব্যবস্থাপনা: বর্তমান অবস্থা
গ্রামাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা শহরের তুলনায় কিছুটা ভিন্ন। যদিও গ্রামের বর্জ্যের পরিমাণ শহরের তুলনায় কম, কিন্তু তা সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

১. প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব
গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। গ্রামের মানুষেরা সাধারণত তাদের দৈনন্দিন বর্জ্য খোলা জায়গায় ফেলে দেন, যা জমি, পানি এবং বায়ুর জন্য ক্ষতিকর।

২. অজৈব বর্জ্যের প্রভাব
গ্রামাঞ্চলে সাধারণত অজৈব বর্জ্যের পরিমাণ কম হলেও, প্লাস্টিক এবং অন্যান্য অজৈব বর্জ্যের ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই বর্জ্য জমিতে মিশে গিয়ে মাটির গুণগত মান নষ্ট করছে এবং জলাশয়গুলোর পানির গুণাগুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৩. জৈব বর্জ্যের সম্ভাবনা
গ্রামে জৈব বর্জ্যের পরিমাণ বেশি। এই বর্জ্যগুলো সঠিকভাবে ব্যবহার করা হলে তা কম্পোস্ট বা জৈব সার হিসেবে কাজে লাগানো যেতে পারে। কিন্তু সচেতনতার অভাবে এবং পর্যাপ্ত প্রযুক্তির অভাবে এই বর্জ্যগুলো সাধারণত অপচয় হয়।

চ্যালেঞ্জ এবং সম্ভাবনা
আমাদের দেশের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। শহর এবং গ্রামে অবকাঠামো ও প্রযুক্তির অভাব, অর্থায়নের সীমাবদ্ধতা ইত্যাদি তবে এখন জনসচেতনতার অভাব প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে, এইসব সমস্যা সমাধানের জন্য বেশ কিছু সম্ভাবনাও রয়েছে।

প্রযুক্তির ব্যবহার: শহর এবং গ্রামে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য সংগ্রহ ও পুনঃ প্রক্রিয়াকরণ করা যেতে পারে। এর ফলে বর্জ্যের পরিমাণ কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণগুলোর ব্যবহার বাড়ানো সম্ভব।

জনসচেতনতা বৃদ্ধি: বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কর্মশালা, প্রচারনা অভিযান এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা যেতে পারে।

বেসরকারি সংস্থার অংশগ্রহণ: এনজিও এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এদের মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ এবং পুনঃ প্রক্রিয়াকরণ বাড়ানো যেতে পারে। বর্তমানে বিডি ক্লিন নামক এক প্লাটফর্ম পরিচ্ছন্ন বাংলাদেশ তৈরি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচি পালন করেছে, তা দেশের জন্য ইতিবাচক।
কৃষি ও জৈব বর্জ্যের ব্যবহার: গ্রামে জৈব বর্জ্য কম্পোস্ট বা জৈব সার হিসেবে ব্যবহার করে কৃষিতে ব্যবহার করা যেতে পারে, যা পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী।

শহর ও গ্রামের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন না হলে, এর নেতিবাচক প্রভাব জনস্বাস্থ্য এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদে বিরূপ প্রভাব ফেলতে পারে। একটি সুস্থ, সবুজ, এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের উচিত সপ্তাহে বা মাসে একদিন হলেও পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়া কিংবা আমরা জড়ো তা না পারি তাহলে যারা করছে তাদের সহায়তা ও উৎসাহিত করা।

এই রকম আরো ব্লগ পড়তে, ক্লিক করুন
লেখিকা,
আঁখি আক্তার
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE.