কখনও কি ভেবে দেখেছেন, এক টুকরো পিজ্জার মধ্যে কতগুলো গল্প লুকিয়ে থাকে? পিজ্জা শুধু একটা খাবার নয়; এটা এক মানচিত্র, যা আমাদের নিয়ে যায় সংস্কৃতি, সময় আর মানুষের মেলবন্ধনের এক যাত্রায়। পিজ্জার ইতিহাস নিয়ে যা জানা যায় তা হলো, পিজ্জার আবির্ভাব শুরু হয়েছিলো ইতালির দক্ষিণের নেপলস শহরে। তখন এই শহরের রাস্তা ভরে থাকত দরিদ্র শ্রমজীবীদের হাঁকডাকে। তাদের কাছে পিজ্জা মানে ছিল কম খরচে পেট ভরানো এক গরম মজাদার খাবার । পাতলা ময়দার বৃত্তে টমেটো মাখিয়ে, ওপরে কিছু মজারেলা আর অলিভ অয়েল এই ছিল সহজ রেসিপি। 

চুলার গরম পাথরে রাখা হয়েছে এক টুকরো ময়দার পাতলা চক্র  তার ওপরে টাটকা টমেটো, মজারেলা চিজ, আর এক চিমটি অলিভ অয়েল। মুহূর্তের মধ্যে সুগন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে। এভাবেই, উনবিংশ শতকের শুরুতে জন্ম নেয় সেই পদ যা আজ পৃথিবীর প্রায় প্রতিটি শহরে পাওয়া যায়: পিজ্জা। সাল ১৮৮৯ ইতালির রাণী মার্ঘেরিতা অব সাভয় নেপলসে ভ্রমণ করতে আসেন, স্থানীয় এক রাঁধুনি রাফায়েলে এসপোসিতো তাকে এক বিশেষ পিজ্জা পরিবেশন করেন  টমেটো, মজারেলা আর বাসিল লিভসের সংমিশ্রণে, ইতালির পতাকার রঙে সাজানো আকর্ষণীয় একটি পিজ্জা । এই পিজ্জার নাম দেওয়া হয় ‘পিজ্জা মার্ঘেরিতা’। সেই থেকেই পিজ্জা হয়ে ওঠে  ইতালির গর্বের প্রতীক।

আমেরিকার পথে পিজ্জার যাত্রা

ঊনবিংশ শতকের শেষ দিকে, লক্ষ লক্ষ ইতালীয় অভিবাসী পাড়ি জমায় আমেরিকায়। তাদের সঙ্গে আসে তাদের খাবার, সংস্কৃতি আর স্বপ্ন। যেমন মানুষ সীমান্ত পেরিয়ে নতুন পৃথিবী খোঁজে, তেমনি পিজ্জাও একদিন পাড়ি দিল আটলান্টিক পেরিয়ে আমেরিকায়। ১৯০৫ সালে নিউইয়র্কের এক গলিতে লোম্বার্ডি নামের এক ইতালীয় নাগরিক  প্রথম পিজ্জার দোকান খোলেন। সেই থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে নেপেলসের ঐতিহ্য মিশে যায় আমেরিকান গতির সঙ্গে।

নিউইয়র্ক পিজ্জা আর নেপলস পিজ্জার মধ্যে পার্থক্যটা ঠিক যেন এমন – নেপলস বলে, “আমি ঐতিহ্য”, নিউইয়র্ক বলে, “আমি স্বাধীনতা”।

একটা কাঠের চুলায় তৈরি হয় ধীরে, ভালোবাসা দিয়ে; আরেকটা গ্যাস ওভেনে তৈরি হয় দ্রুত, ব্যস্ত জীবনের তালে তালে।

নিউইয়র্কের পিজ্জা হয়ে ওঠে একটু বড়, একটু পাতলা, আর বেশি চিজযুক্ত। ক্রাস্টের প্রান্তটা একটু মচমচে, মাঝে নরম। আমেরিকান ওভেনে পাথরের বদলে স্টিলের বেসে বেক হতো পিজ্জা, যা তাকে দিত ভিন্ন টেক্সচার। ধীরে ধীরে এটি হয়ে ওঠে নিউইয়র্কবাসীর প্রতিদিনের খাদ্য “গ্র্যাব অ্যান্ড গো”  কালচারের প্রতীক।

পিজ্জা: বিশ্বায়নের প্রতীক

আজ পিজ্জা কেবল ইতালি বা আমেরিকার নয়। টোকিওতে টেরিয়াকি পিজ্জা, মেক্সিকোতে টাকো পিজ্জা, কলকাতায় পনির টপিংস প্রতিটি সংস্কৃতি নিজেদের মতো করে সাজিয়েছে এই পদকে। এর মধ্যেই পিজ্জা হয়ে উঠেছে এক বিশ্বনাগরিক খাবার, যার জন্মভূমি নেপলস হলেও হৃদয় এখন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।

যখন আমরা এক টুকরো পিজ্জা হাতে নিই, হয়তো ভাবি না – এর মধ্যে আছে শতাব্দীর ভ্রমণ, পরিশ্রম, অভিবাসনের গল্প, আর সংস্কৃতির মিলন।

চিজের মতো গলে গেছে সীমারেখা, টমেটোর মতো রক্তিম হয়েছে আবেগ, আর ক্রাস্টের মতো মজবুত থেকেছে ঐতিহ্য। পিজ্জা শুধু খাবার নয়  এটি প্রমাণ করে, খাবার কখনো সীমান্ত মানে না।

পিজ্জা আর শহরের গল্প

প্রতিটি শহর তার পিজ্জার মতোই আলাদা স্বভাবের। নেপলসের সরু গলিতে দাঁড়িয়ে এক টুকরো পিজ্জা খেলে বোঝা যায়, এখানে সময় একটু ধীরে হাঁটে। আড্ডা আছে, হাসি আছে, আর আছে চুলার আগুনের ধৈর্য। আর নিউইয়র্কে? সেখানে পিজ্জা হাতে মানুষ দৌড়ায় মিটিংয়ে, ট্রেনে, জীবনের পেছনে। দুই শহরের গতি আলাদা, কিন্তু পিজ্জা দুটো জায়গাতেই মানুষের সঙ্গী।

পিজ্জা যেন শহরের আয়না। নেপলসে সে বলে দেয়, সরলতাই সৌন্দর্য। নিউইয়র্কে সে শেখায়, পরিবর্তনই টিকে থাকার উপায়। এক জায়গায় রেসিপি প্রায় অপরিবর্তিত শতাব্দীর পর শতাব্দী, আরেক জায়গায় প্রতি দশকে জন্ম নেয় নতুন স্টাইল, নতুন টপিং, নতুন পরিচয়।

স্মৃতি, আড্ডা আর এক টুকরো পিজ্জা।

পিজ্জার সবচেয়ে বড় শক্তি সম্ভবত এর সামাজিকতা। জন্মদিনের পার্টি হোক, বন্ধুর সঙ্গে রাত জাগা আড্ডা, কিংবা পরীক্ষার পরের স্বস্তির মুহূর্ত পিজ্জা সেখানে থাকে নীরব সাক্ষীর মতো। এক টেবিলে বসে ভিন্ন মানুষ, ভিন্ন গল্প, কিন্তু মাঝখানে একই বাক্স। কয়েক টুকরো পিজ্জা ভাগাভাগি করার মধ্যেই তৈরি হয় সম্পর্কের অদৃশ্য সুতো।

অনেক অভিবাসীর জন্য পিজ্জা ছিল ঘরের স্মৃতি। নতুন দেশে নতুন ভাষা, নতুন জীবন সবকিছুর ভিড়ে এক টুকরো পরিচিত স্বাদ এনে দিত নিরাপত্তা। হয়তো তাই পিজ্জা শুধু পেট ভরায় না, মনকেও শান্ত করে।

শেষ কথা: এক টুকরো পৃথিবী

আজ যখন আমরা ফোনে অর্ডার দিয়ে কয়েক মিনিটে পিজ্জা হাতে পাই, তখন হয়তো থেমে ভাবি না এই গোলাকার খাবারটা কত দূর পথ পেরিয়ে এসেছে। নেপলসের গরিব শ্রমিকের হাত থেকে শুরু করে নিউইয়র্কের ব্যস্ত রাস্তায়, সেখান থেকে পুরো পৃথিবীতে। এক টুকরো পিজ্জার মধ্যে লুকিয়ে আছে আগুনের উষ্ণতা, মানুষের পরিশ্রম, দেশ ছাড়ার কষ্ট, আর নতুন করে শুরু করার সাহস। চিজের মতো গলে গেছে দূরত্ব,টমেটোর মতো রঙিন হয়েছে ইতিহাস, আর ক্রাস্টের মতো শক্ত করে ধরে রেখেছে শিকড়। পিজ্জা তাই শুধু খাবার নয়; এটা আমাদের বলে দেয়, মানুষ যেখানে যায়, গল্পও সেখানে যায়। আর সেই গল্পের স্বাদ আজও, ঠিক ততটাই উষ্ণ।

এরকম আরও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন

লেখিকা 

মেহেনাজ পুনম

ইন্টার্ন,কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE