পুরান ঢাকা এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শ্যাওলা জমে থাকা ভাঙা দেয়াল, নিভু নিভু কমলা রঙের আলো আর সময়ে আটকে থাকা এক শহরের গল্প। শত শত আধুনিক গল্পের ভীড়ে কেমন ছিলো সেই সোনালি দিনের পরিবর্তনের গল্প জানতে কি ইচ্ছে হয়না? কীভাবে নবাবদের নগরী ধীরে ধীরে রূপ নিল আজকের ব্যস্ত, জনাকীর্ণ ঢাকায় সেই গল্পই তুলে ধরবে এই লেখা।
পুরান ঢাকার ইতিহাস
পুরান ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অংশ। এটি শুধু একটি এলাকা নয়, ঐতিহ্য আর স্মৃতিতে মোড়া এক জাদুর শহর। সুলতানি, মোগল, নবাব, ব্রিটিশ ও পাকিস্তানি আমলের ইতিহাস বয়ে নিয়ে ৪০০ বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এই শহর। শতাব্দীর পর শতাব্দী ধরে দীর্ঘ পরিক্রমায় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এরই এক বিশেষ অংশ পুরান ঢাকা।
ইতিহাসবিদদের মতে, ১৭০০ সালের আগে মুঘল সাম্রাজ্যের সময়ই ঢাকা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৬১০ সালে মুঘল সুবেদার ইসলাম খাঁ ঢাকা নগরীকে পূর্ববঙ্গের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে ঢাকা রাজা-সম্রাট, নবাব ও শাসকদের দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার কেন্দ্র হয়ে ওঠে।
নবাব আমলের ঢাকা: ঐতিহ্য ও ক্ষমতার কেন্দ্র
পুরান ঢাকা মূলত গড়ে ওঠে মোঘল ও নবাবি আমলে, যখন ঢাকা ছিল বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। নবাবদের সময়ে ঢাকা শুধু রাজনৈতিক রাজধানীই ছিল না, বরং এটি হয়ে উঠেছিল শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যের এক অনন্য কেন্দ্র। নবাব মুর্শিদ কুলি খান, নবাব শায়েস্তা খান এবং পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা–এই শাসকদের সময় ঢাকার প্রশাসনিক ও বাণিজ্যিক কাঠামো দৃঢ় হয়। বিশেষত শায়েস্তা খানের আমলে ঢাকা নগরীর ব্যাপক সম্প্রসারণ ঘটে। লালবাগ কেল্লা, বড় কাটরা, ছোট কাটরা, আহসান মঞ্জিল ও শাহী মসজিদগুলো সেই সময়ের ক্ষমতা ও নান্দনিকতার প্রতীক। বুড়িগঙ্গা নদীকে ঘিরে গড়ে ওঠা এই নগরীতে নৌপথে ব্যবসা-বাণিজ্য পরিচালিত হতো, যা ঢাকাকে আঞ্চলিক অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত করেছিল।
সামাজিক ও সাংস্কৃতিক জীবন : নবাবি ঢাকার ঐতিহ্য
নবাবদের আমলে পুরান ঢাকার সামাজিক জীবন ছিল বৈচিত্র্যময় ও উৎসবমুখর। নবাবদের দরবার ঘিরে চকবাজার এলাকাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঈদ, মহররম ও শবে বরাতের মতো ধর্মীয় অনুষ্ঠানগুলো ব্যপক আকারে পালিত হতো। কিছু এলাকা যেমন: শাঁখারীবাজার, তাঁতীবাজার ও ফরাশগঞ্জে বসবাসকারী কারিগর ও ব্যবসায়ীরা নগর সংস্কৃতিকে প্রাণবন্ত করে তুলেছিল।
খাবারের কথা বলতে গেলে কাবাব, বিরিয়ানি, নেহারি আর বাখরখানির মতো খাবারগুলো তখন থেকেই জনপ্রিয় হয়ে ওঠে, আর আজও এগুলো পুরান ঢাকার আলাদা পরিচয় তৈরি করে।
ঔপনিবেশিক আমল ও নগরের রূপান্তর
ব্রিটিশ আমলে নবাবদের ক্ষমতা ধীরে ধীরে কমে আসায় ঢাকার আগের গুরুত্ব আর বজায় থাকেনি। প্রশাসনিক কাজকর্ম কলকাতাকেন্দ্রিক হয়ে যাওয়ায় পুরান ঢাকার স্বাভাবিক বিকাশ কিছুটা থমকে যায়। তবে পুরোপুরি স্থবির হয়ে যায়নি শহরটি। শ্যামবাজার, সদরঘাট আর বাবুবাজারকে ঘিরে ব্যবসা ও বাণিজ্য চলতেই থাকে। এই সময়েই পুরোনো মুঘল আমলের স্থাপনার পাশে ইউরোপীয় নকশার আদলে নতুন কিছু ভবন উঠতে শুরু করে, ফলে পুরান ঢাকার চেহারায় ধীরে ধীরে এক ভিন্ন রকম পরিবর্তন দেখা দেয়।
পুরান ঢাকা আজ
আজকের পুরান ঢাকা মানেই ভীড়, শব্দ আর ব্যস্ততা। সরু গলি দিয়ে হাঁটলে মনে হয় মানুষ আর গাড়ি একসাথেই চলছে। পুরোনো বাড়ি, ভাঙা দেয়াল আর চারপাশের কোলাহলের মাঝেও এই জায়গাটার আলাদা একটা প্রাণ আছে। আধুনিক ঢাকার মধ্যে থেকেও পুরান ঢাকা যেন নিজের মতো করেই বেঁচে আছে।
এখানকার মানুষ জানে, কষ্টের মাঝে থেকে কিভাবে হাসতে হয়। খাবারের কথা বললেই পুরান ঢাকার নাম আসে। কাবাব, বিরিয়ানি, নেহারি এই সব খাবার উপভোগের জন্য আজও মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। দোকানপাট, পুরোনো বাজার আর ছোট ছোট ব্যবসাই এখানকার মানুষের জীবিকা।
সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, পুরান ঢাকা আজও তার ঐতিহ্য ভুলে যায়নি। ঈদ, মহররম বা অন্য কোনো উৎসবে পুরো এলাকা অন্য এক রূপ নেয়। আধুনিক শহরের ভিড়ে থেকেও পুরান ঢাকা নিজের পরিচয়টা ধরে রেখেছে। এখন পুরান ঢাকা আর নবাবদের শহর না হলেও, স্মৃতি আর আবেগ নিয়ে মানুষের মনে আজও একটি আলাদা জায়গা দখল করে আছে।
এরকম আরো ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন।
লেখিকা,
ফারহাত কবির
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE
