আমরা যারা বর্তমান সময়ের তরুণ, আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে কিছু প্রশ্ন। যেমন-আমি কে? আমি কোথায় যাচ্ছি? কেন আমার একা একা লাগছে? কেনই বা আমি এত বিষন্ন?এই প্রশ্নগুলো সরাসরি উত্তর হয়তো কেউ দেয় না। কিন্তু কিছু লেখক আছেন যাদের লেখা পড়লে মনে হয় এই প্রশ্নগুলো আমি একা করছি না সকলেই করছে। হারুকি মুরাকামি ঠিক সেই ধরনেরই একজন। তিনি সমাধান দেন না, কিন্তু আমাদের অনুভূতিগুলোকে ভাষা দেন। আর সম্ভবত এই কারণে মুরাকামি এখনো তরুণ পাঠকের কাছে এত সমাদৃত।

আধুনিক বিশ্ব সাহিত্যে যে কয়জন লেখক পাঠককে একই সঙ্গে মুগ্ধ ও বিভ্রান্ত করে তুলতে সক্ষম হয়েছেন হারুকি মুরাকামি তাদের মধ্যে অন্যতম। জাপানি সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে পরিচিত করার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য।

হারুকি কুরাকামির জন্ম ১২ই জানুয়ারি ১৯৪৯ সালে, জাপানের কিয়োতো অঞ্চলে। তার লেখা উপন্যাস এবং ছোট গল্প জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে বেস্ট সেলার হিসেবে পরিচিতি পেয়েছে এবং সাথে সাথে তার কাজ বিশ্বের 50 টি ভাষায় অনুবাদিত হয়েছে। তিনি তার কাজের জন্য Gunzo Prize for New Writers, World Fantasy Award, Tanizaki Prize, the Frank O’Connor International Short Story Award, Franz Kafka Prize, and the Princess of Asturias Awards- এর মত পুরস্কার পেয়েছেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে “Norwegian wood”(১৯৮৭) , the wind up bird chronicle (১৯৯৪-৯৫), Kafka on the Shore(২০০২), 1Q84(২০১০) ইত্যাদি। তার গল্প পড়া মানে কেবল একটি কাহিনী অনুসরণ করা নয় বরং নিজের ভেতরের অজানা জগতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া।

নিঃসঙ্গতা

মুরাকামির লেখার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিঃসঙ্গতা। তার প্রায় সব উপন্যাস ও গল্পেই দেখা যায় এমন একটি চরিত্র যে সমাজের মূল অংশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনা। চরিত্রগুলো থাকে একা,কারো সাথে সহজ সম্পর্ক গড়ে তোলে না এবং তারা নিজের ভেতরের শূন্যতার সঙ্গে চুপচাপ লড়াই করে যায়। কিন্তু মুরাকামি কখনোই এই নিঃসঙ্গতাকে করুন রূপ বা নাটকীয় রূপ দেননি, বরং তিনি তা লিখেছেন ধীর,গভীর এবং বাস্তব ভাবে। যা পাঠকের নিজের জীবনের সঙ্গেও মিলে যায়।

জাদুবাস্তবতা

মুরাকামির লেখার একটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো বাস্তবতার সঙ্গে অলৌকিক উপাদানের মিশ্রণ। তার সাহিত্যের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যই হলো এই জাদুবাস্তবতা। তার গল্পে হঠাৎ করেই বিড়াল কথা বলে, মানুষ অদৃশ্য হয়ে যায়, সমান্তরাল জগত খুলে যায় অচেনা এক চাঁদের আলোয় কিংবা একটি কূপের গভীরে নেমে মানুষ নিজের অবচেতন সত্তার মুখোমুখি হয়। Kafka on the Shore বা 1Q84 এর মত উপন্যাসে এই জাদুবাস্তবতা এতটাই স্বাভাবিকভাবে উপস্থাপিত হয় যে পাঠক কোন প্রশ্ন না করেই একে মেনে নেয়। বাস্তবতা এবং অবাস্তবতার মাঝখানের এই অস্পষ্ট সীমারেখাই মুরাকামির জগতকে ভিন্ন করে তোলে।

সংগীত

মুরাকামির লেকখায় সংগীত সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জ্যাজ,রক,ক্লাসিক্যাল মিউজিক,বিটেল্স এর গান সবই তার গল্পে বারবার করে ফিরে আসে। তার গল্পে সঙ্গীতের মাধ্যমেই পুরোনো স্মৃতি জেগে ওঠে, পুরোনো ভালবাসা কিংবা হারিয়ে যাওয়া সময় আবার ফিরে আসে,এই নস্টালজিয়া পাঠককে স্পর্শ করে এবং নিজের জীবনের স্মৃতিকে গল্পের সঙ্গে জুড়ে দেয়। এটি মুরাকামের লেখাকে আরো মানবিক এবং আবেগঘন করে তোলে।

খোলা সমাপ্তি

মুরকামির গল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো খোলা সমাপ্তি। তার গল্পে কখনোই সব প্রশ্নের উত্তর দেয়া হয় না, অনেক রহস্য অমীমাংসিতই রাকখা হয়। তিনি মূলত পাঠককে কোন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন না বরং আরো ভাবার সুযোগ করে দেন। এটি লেখক এর পাশাপাশি পাঠক কেও গল্পের একজন স্রষ্টা হিসেবে গড়ে তোলে। পাঠক নিজের অভিজ্ঞতা ও অনুভূতির আলোকে গল্পের শেষ অর্থ নিজেই খুঁজে নেন। এতে অনেক পাঠক বিভ্রান্ত হলেও এটি আসলে মুরাকামির গল্পের প্রধান শক্তি।

পূর্ব ও পাশ্চাত্যের মেলবন্ধন

শেষে একটি বড় প্রশ্ন আসে কেন হারুকি মুরাকামি শুধু জাপান নয় বিশ্বব্যাপী এত সমাদৃত। এর মূল কারণ হলো তার গল্পের মধ্যে পূর্ব ও পাশ্চাত্যের মেলবন্ধন। জাপানি সংস্কৃতির গভীরতা আর পশ্চিমা পপ কালচারের মিশ্রণ তাকে বিশ্বজুড়ে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।

মুরাকামি মূলত আমাদের সময়ের লেখক। কারণ তিনি নিঃসঙ্গতা,পরিচয় সংকট্‌ মানসিক দ্বন্দ্ব আর আত্মঅনুসন্ধানের কথা বলেন। যা আজকের তরুণ সমাজের বাস্তবতা। তিনি আমাদের ধীরে চলতে শেখান, নিজের কথা শুনতে এবং প্রশ্ন করতে সাহস দেন। তিনি আমাদের কোন স্বপ্ন দেখান না কিন্তু তিনি আমাদের ভেতরের নীরব শব্দগুলোকে জাগিয়ে তোলেন। বাস্তবতা ও স্বপ্নের মাঝে মাঝে দাঁড়িয়ে তিনি বলেন আমাদের অনুভূতি গুলোও সত্য এবং আমরা একা নই। এ কারণেই হয়তো হারুকি মুরাকামি একজন জনপ্রিয় লেখকই নন, তিনি এক ধরনের সাহিত্যিক অভিজ্ঞতা।

To read more blogs like this click here.

Writer,

Jarin Tasnim 

Intern, Content Writing Department

YSSE