কখনো কি কোনো শহরের দিকে তাকিয়ে ভেবেছেন, এখানকার পথগুলোতে কোনো গল্প লুকিয়ে আছে কি না? ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে কি কারও হাসি-কান্না এখনো প্রতিধ্বনিত হয়? আজ ঠিক এমনই এক শহরের গল্প জানাবো। যার নাম বললে প্রথমে মনে পড়ে ধ্বংসাবশেষ, কিন্তু একটু গভীরে তাকালে দেখা যায় ইতিহাসের আলো, সংস্কৃতির শিকড়, আর স্বর্ণযুগের প্রতিশ্রুতি। বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে, যেগুলো উচ্চারণ করলেই কেমন যেন এক অদ্ভুত আলো চোখের সামনে ভেসে ওঠে। ‘সোনারগাঁও’ তাদের মধ্যেই এক অনন্য নাম। নদী-বেষ্টিত এই জনপদে একসময় বণিকদের কোলাহল, কারুশিল্পীদের ব্যস্ততা আর রাজ্যশাসনের অভিজাত মহিমা মিলেমিশে তৈরি হয়েছিল এক স্বর্ণযুগের গল্প। আজ যদিও সময়ের নির্মমতায় অনেক কিছুই ধ্বংসস্তূপে পরিণত, তবু সেসব ভাঙা ইট, পরিত্যক্ত প্রাসাদ এবং প্রাচীন জনপদ যেন এখনও ফিসফিস করে শোনায় পুরোনো দিনে সোনা ঝলমলানো প্রতিশ্রুতির কথা।

প্রাচীন বন্দরনগরীর স্বর্ণালী সূচনা

সোনারগাঁওয়ের ইতিহাস এতটাই প্রাচীন যে তার শেকড় ধরে পৌঁছে যাওয়া যায় বাংলার প্রাচীন মধ্যযুগ পর্যন্ত। বুড়িগঙ্গা–ব্রহ্মপুত্র–মেঘনা নদীর মিলনস্থলের এই জনপদ ছিল এক সময়ে পূর্ব বঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। যেখানে বড় বড় নৌকা ভিড়ত তার ঘাটে, সূতী কাপড়, মসলিন, মসলা আর হাতের তৈরি শিল্পকর্ম যেত আরব,পারস্য ও চীনেসহ পৃথিবীর নানা বাণিজ্যিক বন্দরে। ইতিহাসবিদরা বলেন, ‘সুবর্ণগ্রাম’ থেকেই ‘সোনারগাঁও’ নামটির উৎপত্তি এর অর্থ যে গ্রামে স্বর্ণ বা ধন-সম্পদের ছড়াছড়ি ছিল। আর সেই অর্থবহ নামের দ্যুতিই যেন ফুটে উঠেছিল এলাকার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে।

সুলতানি আমল: বাংলার প্রথম রাজধানীগুলোর একটি

১৪ শতকের সুলতানি আমলে সোনারগাঁওয়ের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। ইলিয়াস শাহীর শাসক ফখরুদ্দিন মোবারক শাহ যখন সোনারগাঁওকে রাজধানী ঘোষণা করেন, তখন এই অঞ্চল বাঙালি মুসলিম সংস্কৃতির এক বড় কেন্দ্র হয়ে ওঠে। প্রশাসনিক কাজ, বাণিজ্য নিয়ন্ত্রণ, ধর্মীয় শিক্ষা প্রায়ই সবকিছুতেই তখন জমজমাটভাবে চলত এই বাণিজ্যিক নগরীতে। এই সময়েই এখানে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন: মসজিদ, মাদ্রাসা, প্রাসাদ, দুর্গ ও রাস্তা । যদিও তাদের অনেকগুলো বর্তমানে আর নেই, কিছুটা ছাপ এখনও বহন করে চলেছে ঐ সময়ের মহিমা। পানাম নগরের মতো স্থাপত্য-সমৃদ্ধ জনপদ গড়ে ওঠে পরবর্তীতে, কিন্তু তার শিকড়ও খুঁজে পাওয়া যায় এই সুলতানি যুগেই।

মুঘল আমলে হারানো রাজধানীর গৌরব

মুঘলদের শাসনামলে বাংলার  রাজধানী ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁও আর আগের মতো প্রশাসনিক ক্ষমতা ধরে রাখতে পারেনি। কিন্তু তাই বলে, এই শহরের বাণিজ্যিক গুরুত্ব কমেনি। ‘মসলিন কাপড়’এই একটি মাত্র শব্দই বুঝিয়ে দেয় সোনারগাঁও  কী পরিমাণ শক্তিশালী ছিল। মেঘনার এই তীরেই দক্ষ কারিগরদের কারখানায় তৈরি হতো মুঘল দরবারের প্রিয় এবং বিশ্বের বিখ্যাত অতিসূক্ষ্ম মসলিন কাপড়। বিদেশি ভ্রমণকারীরা তাদের ভ্রমণকাহিনিতে লিখে গেছেন,“এমন সূক্ষ্ম কাপড় পৃথিবীর আর কোথাও তৈরি সম্ভব নয়।” সোনারগাঁও তখন শুধু একটি জায়গা ছিল না; ছিল এক শিল্পসভ্যতার প্রতিনিধিত্বকারী নাম।

ঔপনিবেশিক যুগ ও ধীরে ধীরে পতন

ইংরেজরা যখন বাংলার সম্পূ  নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন নদীর গতিপথ পরিবর্তন, প্রশাসনিক গুরুত্ব হারানো এবং বাণিজ্যের কেন্দ্র অন্যত্র সরে যাওয়ার কারণে সোনারগাঁওয়ের আলো নিভতে শুরু করে। নদীপথ শুকিয়ে যাওয়ায় বাণিজ্য বন্ধ হয়ে যায়, শিল্পীরা কর্মহীন হয়, বহু স্থাপনা পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু ঔপনিবেশিক আমলেও সোনারগাঁও সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়নি। বরং নব্য ধনী হিন্দু জমিদার ও বণিকরা পানাম নগরে ইউরোপীয় ধাঁচে সুন্দর স্থাপনা নির্মাণ করেন। এসব ভবন আজ ধ্বংসস্তূপ হলেও যে সময়ের গল্পে তারা এখনও নজর কাড়ে

পানাম নগর: আলো–ছায়ায় বোনা এক রহস্যময় নগরী

সোনারগাঁওয়ের কথা বললে পানাম নগরকে যেন বাদ দেওয়া যায় না। মূল শহরের একটি অংশ হলেও পানাম নিজেই যেন আলাদা এক গল্প বলে । ৫২টি দালানের সারি একদিকে কলোনিয়াল স্থাপত্য, অন্যদিকে স্থানীয় সৌন্দর্যবোধ। জানালার গ্রিল থেকে শুরু করে দরজার নকশা সবকিছুতেই আছে সময়ের ছাপ। আজ যখন ভাঙাচোরা রাস্তা দিয়ে পানামের ভিতর হাঁটতে হাঁটতে পুরোনো দালানগুলোর দিকে তাকানো হয়, মনে হয় যেন সময় থমকে আছে। বাতাসে ভেসে আসে শত বছর আগের মানুষের গল্প ; হাসি, কান্না, ব্যবসার শব্দ, গৃহস্থালির চুলার ধোঁয়া… সব যেন এক অদৃশ্য পর্দার আড়ালে এখনও বেঁচে আছে এবং আমাদের গল্প বলছে।

লোকসংস্কৃতি জাদুঘর: মাটির গন্ধে ভেজা বাংলার আয়না

বর্তমান সোনারগাঁওয়ে গেলে প্রথমেই নজর কাড়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ – এর স্থাপিত এই প্রতিষ্ঠানটি যেন বাংলার লোকজ ঐতিহ্যের এক বিশাল ভান্ডার। মাটির পুতুল, নকশিকাঁথা, কাঠখোদাই, শোলার কাজ, ধাতব কারুকাজের যে সংগ্রহ রয়েছে এখানে, তা শুধু স্মৃতি নয়; আমাদের সাংস্কৃতিক পরিচয়ের বাহক। জাদুঘরের চারপাশের সবুজ প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে মনে হয়, এই ভূমি সত্যিই একসময় শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। নদীর শব্দ, মাটির গন্ধ আর মানুষের হাসি সবকিছুতেই যেন আবার জেগে উঠতে চায়।

আজকের সোনারগাঁও: ধ্বংসস্তূপে ফিরছে প্রাণ

আজ সোনারগাঁও কেবল প্রাচীনকালের এক নিদর্শন নয়; এটি ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার হারানো গৌরব। দর্শনীয় স্থান হিসেবে এর জনপ্রিয়তা বেড়েছে, নানা পুনর্নির্মাণ ও সংরক্ষণ প্রকল্প চলছে, শিল্পীরাও ফিরছেন তাদের ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে।তবুও চ্যালেঞ্জ বড় উপেক্ষা, অনিয়ন্ত্রিত ভিড়, দখল আর পরিবেশগত ক্ষতি। সঠিক সংরক্ষণ না হলে এই স্বর্ণযুগের স্মৃতি হয়তো একদিন পুরোপুরি হারিয়ে যেতে পারে।

চিরজাগ্রত প্রতিশ্রুতি

সোনারগাঁওয়ের ধ্বংসস্তূপ শ্যাওলা ধরা ইট, নির্জন জলাশয় সবই যেন ইতিহাসের খণ্ডচিত্র। তবুও এই ধ্বংসস্তূপের ভিতর দিয়েও আমরা দেখতে পাই এক সোনালি প্রতিশ্রুতি বাংলার অতীত মহিমা, আমাদের পূর্বপুরুষের গর্ব আর আমাদের সাংস্কৃতিক শিকড়কে ধরে রাখার অঙ্গীকার। সোনারগাঁও শুধু একটি জায়গা নয়; এটি আমাদের আত্মপরিচয়ের স্মৃতি, গৌরবের প্রতীক, আর হারিয়ে যাওয়া সৌন্দর্যকে পুনরুদ্ধারের অনুপ্রেরণা। একই আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সেই পুরোনো দালানগুলো যেন আজও বলে

ধ্বংস আমাকে থামাতে পারে না, কারণ আমি ইতিহাস।

এরকম আরও ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন

লেখিকা 

মেহেনাজ পুনম

ইন্টার্ন, কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE